ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশনকেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৬ ভোটে এগিয়ে রয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৯৬ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৯ ভোট।
১৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৫ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন।