হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

শওকত হোসেন ফালু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম শওকত হোসেন ফালু। তিনি নাজিরপাড়া এলাকার সুরুজ ব্যাপারীর ছেলে এবং গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ফালু ওই মামলার ছয় নম্বর এজাহারভুক্ত আসামি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।