হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার শোলাকুড়ী এলাকায় নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধার নাম জালেমন (৭৫)। তিনি ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালেমন দীর্ঘদিন ধরে শোলাকুড়ী গ্রামের নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী এক নারী ঘরে পান আনতে গিয়ে জালেমনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং মধুপুর থানায় খবর দেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ঘটনাটির সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে।