টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকায় এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, ‘তরুণীকে উত্যক্তের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’