হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে দিনদুপুরে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান ‘রোড অপারেশনাল ইউনিটে’ ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী খোকন শেখ।

নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারিদা নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, কদিম ধল্যা এলাকায় ‘রোড অপারেশনাল ইউনিট’ প্রতিষ্ঠানটির নির্মাণকাজ চলমান। দুপুরে ৬-৭ জনের একটি দল একটি পিকআপ নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা চালায়। নিরাপত্তাকর্মী খোকন শেখ বাধা দিলে তাঁকে পিটিয়ে এবং মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়।

নিরাপত্তাকর্মীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দলের সদস্যরা পিকআপ নিয়ে পালিয়ে যায়। শুকুর আলী নামে একজন জনতার হাতে ধরা পড়েন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহত খোকন শেখকে উদ্ধার করে জামুর্কীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম।

খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠান ‘রোড অপারেশনাল ইউনিটে’ ডাকাতির চেষ্টাকালে একজন ধরা পড়ে গণপিটুনিতে মারা গেছেন।

তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডাকাতি নয়, মূলত চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।’ তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে হাসিনাই পালিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক