সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণের পর তাঁদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১ হাজার ১৩৬টি গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, এসআরবি প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের পাশাপাশি খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।