হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জ প্রতিনিধি

শীতকালীন সবজি বাঁধাকপির খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। সিরাজগঞ্জের কামারখন্দের চরদসশিকা গ্রাম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে মাঠজুড়ে শোভা পাচ্ছে শীতকালীন নানা ধরনের সবজি। কোথাও সারি সারি বাঁধাকপি, কোথাও ফুলকপির গাছ। সবুজে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ফলন ভালো করতে জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন সার, আবার কেউ যত্ন নিচ্ছেন গাছের। তবে ভালো ফলনের স্বপ্ন থাকলেও উৎপাদন খরচ ও বাজারদর নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাঁদের।

সম্প্রতি উপজেলার চরদসশিকা গ্রামের মাঠ ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। শীতের আগমনের সঙ্গে সঙ্গে সবজির খেতগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছেন তাঁরা। তবে উৎপাদিত সবজি ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

চরদসশিকা গ্রামের কৃষক জহুরুল ইসলাম ১০০ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছেন। ফসলের পরিচর্যায় ব্যস্ত এই কৃষক গাছের বেড়ে ওঠা দেখে ভালো ফলনের আশা করছেন।

জহুরুল ইসলাম বলেন, ১০০ শতক জমিতে সবজি আবাদ করতে তাঁর ৬০-৭০ হাজার টাকা খরচ হবে। ফলন ভালো হলে এবং বাজারে কাঙ্ক্ষিত দাম পেলে এসব সবজি বিক্রি করে আড়াই থেকে তিন লাখ টাকা আয় হতে পারে।

তবে ফলনের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারদর নিয়ে তাঁর দুশ্চিন্তাও বাড়ছে। উৎপাদন খরচের তুলনায় সবজির দাম পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

একই গ্রামের কৃষক ছালামও এবার ভালো ফলনের আশা করছেন। তবে তাঁর চিন্তা সবজির ন্যায্য দাম পাওয়া নিয়ে। তিনি বলেন, ফলন ভালো হবে বলে আশা করছি। কিন্তু বাজারে ন্যায্য দাম পাব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। সার, তেলসহ অন্যান্য কৃষি উপকরণের দামও বেড়েছে।

চরদসশিকা ছাড়াও কামারখন্দের বিভিন্ন এলাকার কৃষকেরা এখন শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যায় ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তাঁরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রত্যাশিত দাম না পেলে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন বলেন, ‘চলতি মৌসুমে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ হেক্টর। আজ পর্যন্ত ৩৩৪ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে মৌসুম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবাদি জমির পরিমাণ আরও বাড়বে। আশা করা হচ্ছে, এবার শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার