হোম > সারা দেশ > রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় নদীগর্ভে ৭০ মিটার বাঁধ, হুমকিতে তিস্তা সেতু

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর) 

তিস্তা নদীতে পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল তোলা ছবি। আজকের পত্রিকা

উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।

জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ চলাচল করে। বাঁধ সম্পূর্ণ ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এই যোগাযোগব্যবস্থা।

গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্তে সেতু রক্ষা বাঁধের বড় অংশ ভেঙে গেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

জানতে চাইলে সেতু এলাকার বাসিন্দা বুলবুল মিয়া বলেন, ‘প্রথমে ছোট ফাটল ছিল। ৪-৫ মাস ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তিস্তার পানি বাড়ায় বাঁধের বিশাল অংশ নদীতে বিলীন হয়ে গেছে।’

স্থানীয় পথচারী সাবিবুর রহমান বলেন, যেভাবে বাঁধ ভেঙে যাচ্ছে, পানি বাড়লে সেতুটি পুরোপুরি ঝুঁকিতে পড়বে। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী আজকের পত্রিকাকে বলেন, এটি একটি ব্যস্ততম সড়ক ও সেতু। দ্রুত কাজ শুরু না হলে পুরো বাঁধ ভেঙে সেতুটি হুমকির মুখে পড়বে।

গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি ভাঙনের এই স্থানে প্রায় ২ ঘণ্টা ধরে আছি। এত পরিমাণে ভাঙছে যে যদি দ্রুত ভাঙনের স্থানটিতে কাজ করা না হয়, তাহলে তিস্তা সেতুসহ আশপাশের প্রায় ৩-৪টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এমনকি লালমনিরহাটের সঙ্গে আমাদের রংপুরের যে একটা যোগাযোগব্যবস্থা আছে, এটিও বন্ধ হয়ে যাবে। তাই ভাঙনরোধে কর্তৃপক্ষের দ্রুত জোরালো ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে ভয়াবহ আকার ধারণ করবে।’

এ বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী

মো. মুসা আজকের পত্রিকাকে

বলেন, ‘এর আগে ভাঙন ছিল না। আজকে আমরা ভাঙনের বিষয়টি জেনেছি। ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪