রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক আসামি রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।
রাসেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন সময়ে হওয়া আটটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন সন্ধ্যার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া গ্রামে রাসেলসহ কয়েকজন সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নৈরাজ্য সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ষড়যন্ত্র, প্রচেষ্টা ও প্ররোচনামূলক কর্মকাণ্ড চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মামলা করার পর থেকেই রাসেল মিয়া ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হওয়া আরও সাতটি মামলাসহ মোট আটটি মামলা আদালতে বিচারাধীন। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।