হোম > সারা দেশ > রাজশাহী

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি  

আজ দুপুরে রাবি ছাত্রদলের দলীয় টেন্টের পাশে দেয়াল লিখন কর্মসূচিতে নেতারা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত-শিবিরের উদ্দেশে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে না এলে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরোদমে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলীয় টেন্টের পাশে দেয়াললিখন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানান তাঁরা।

দেয়াললিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, গণ-অভ্যুত্থানের পর জামায়াত-শিবির ইসলামিক পরিচয়ে নিজেদের প্রকাশ করছে এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। কীভাবে শিক্ষার পরিবেশকে নষ্ট করা যায়—এই ষড়যন্ত্রে সব সময় লিপ্ত থাকে তারা। তারা কখনোই নিজেদের তাদের রাজনৈতিক পরিচয়ে রূপ দেয় না। তারা নিজেদের আড়ালে রেখে, গোপন রেখে, গুপ্ত পরিচয়ে বিগত সময়ে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করত, হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশে যারা আন্দোলনমুখী ছিলেন, তাঁদের রক্তাক্ত করেছে।

রাহী আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির নামে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং এখনো বিভিন্নভাবে তা অব্যাহত রাখার চেষ্টা করছে। যারা ’৭১ সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের বাংলাদেশের নারীদের নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরেও তারা সেই মব কালচারের মাধ্যমে, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের হামলা, রক্তাক্ত করা, রগ কাটা, হত্যা করা—এসব রাজনীতির মধ্যে জড়িত আছে।’

রাহী বলেন, ‘শিবিরকে শিবির বললে তাদের লোম খাঁড়া হয়ে যায়। তাদের গুপ্ত বললে তাদের লোম খাঁড়া হয়ে যায়, তাদের রাজাকার বললে তাদের লোম খাঁড়া হয়ে যায়। অথচ তারা তো প্রতিষ্ঠিত রাজাকার। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, শিবিরের গুপ্ত রাজনীতি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সহ্য করব না। তাদের অবিলম্বে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, নাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরোদমে নিষিদ্ধ করা হবে।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান দেয়াললিখনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। একইভাবে দেয়াললিখনের মাধ্যমে দেশের সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জহুরুল বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। পাশাপাশি বাংলাদেশবিরোধী শক্তি ও তাদের মদদদাতাদের এই দেশে স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শাখা ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মর্টার শেল উদ্ধার

নাটোরে রাজশাহীর বাস চলতে না দেওয়ার অভিযোগ, যাত্রীদের দুর্ভোগ

রামেকে অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাইকে পুলিশে সোপর্দ, ইন্টার্নদের কর্মবিরতি

উচ্ছেদ-আতঙ্কে চার দশক ধরে থাকা ৭৫০ পরিবার