হোম > সারা দেশ > রাজশাহী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

আজ সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে মামুন প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত অবস্থায় তিনি সারা রাত খুঁটিতে ঝুলন্ত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া মাঠে ঘটে।

নিহত মামুন প্রামাণিক আড়ানী পৌর এলাকার গোচর মহল্লার ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মহসীন আলী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়।

স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মামুন প্রথমে একটি খুঁটিতে ওঠেন। পাশের খুঁটিতে থাকা ট্রান্সফরমারের তার কাটার সময় তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে বাঁশ, লোহার রড ও কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তাঁদের এক মেয়ে (১৪) ও এক ছেলে (১২) রয়েছে। তিনি বলেন, মামুন বৃহস্পতিবার সকালে কাজের কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। পরে আর যোগাযোগ হয়নি।

নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, মামুন দীর্ঘদিন ধরে নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী