রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন নরওয়ের একটি প্রতিনিধিদলের সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা বিদ্যালয় পরিদর্শন করে তাঁরা শিশুদের মাতৃভাষায় পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়র সেলথ বেকবান ও ডাগ ভিগের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি রাজশাহী সফর করছে। স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ এবং রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির যৌথ পরিকল্পনায় এ সফরের আয়োজন করা হয়। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভল্যুশনের (এনএজিআর) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।
সকালে বিদ্যালয়ে পৌঁছালে ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে প্রতিনিধিদলকে স্বাগত জানান স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা। সাঁওতাল রীতি অনুযায়ী অতিথিদের পা ধুইয়ে বরণ করে নেওয়া হয়।
পরে প্রতিনিধিদলের সদস্যরা শ্রেণিকক্ষে বসে শিশুদের নিজস্ব মাতৃভাষায় পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের এ উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, একটি জাতির সবচেয়ে বড় পরিচয় ও সম্পদ তার ভাষা। মাতৃভাষা হারিয়ে গেলে একসময় সেই জাতির অস্তিত্বও সংকটে পড়তে পারে। সাঁওতাল শিশুরা নিজেদের ভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে, যা তাদের সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দলীয় ছবিতে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা।