পটুয়াখালী দশমিনা উপজেলায় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের মোঃ হারুন পেশকারের ছেলে মোঃ হানিফ পেশকার (২৫), সুশীল সরদারের ছেলে সুমন সরদার (৩২) এবং আবদুল হক হাওলাদারের ছেলে মোঃ জিয়া সরদার (৩০)।
জানা গেছে, দশমিনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১টি অটোমেটিক চাকু, ৭ টি দেশীয় অস্ত্র, ৫০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন, ২ টি মাদক দ্রব্য মাপার উপকরণ, মাদকদ্রব্য সেবনের উপকরণ, ৯ পিস যৌন উত্তেজনা বাড়ানোর ট্যাবলেট এবং নগদ ১৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
মেজর তানজিল নূর আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের সময়কালে দেশীয় অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে এ অভিযান চালানো হয়েছে। আটককৃতদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।