নেত্রকোনা সদরের মগড়া নদীতে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নূরুলিয়া গ্রামের পাশে নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহন মিয়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নেত্রকোনা মডেল থানার পুলিশ জানিয়েছে, মোহন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবার, পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিখোঁজ হওয়ার পর কোনো একসময় খিঁচুনিতে আক্রান্ত হয়ে সে নদীতে পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “মোহন মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”