নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩ তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে তাঁকে মোহনগঞ্জ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা বলেন, ‘বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।’
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন।