নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহরের বৃকালিকা গ্রামের নিজ বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন শিউলী রানী। তিনি ওই গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর রান্নাঘরসহ পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিউলী রানীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশী কাজল চন্দ্র দাস বলেন, ‘আগুনে মিন্টু বিশ্বাসের ঘরের সবকিছু পুড়ে গেছে। শিউলী রানীর শরীরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় শিউলী রানীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’