নেত্রকোনা শহরের শান্তিনগর এলাকা থেকে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ শনিবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদে পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আশরাফুলের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইলফোন এবং জুয়া খেলার স্ক্রিনশটের ৩১ পৃষ্ঠার প্রিন্টকপি আলামত হিসেবে জব্দ করা হয়।
আটক আশরাফুল ইসলামের স্থায়ী বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। বর্তমানে তিনি নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া (রাজুর বাজার) শান্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে শহরের শান্তিনগর এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলারত অবস্থায় পাওয়া যায় তাঁকে। আশরাফুলের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং জুয়া খেলার স্ক্রিনশটের ৩১ পৃষ্ঠার প্রিন্টকপি আলামত হিসেবে জব্দ করা হয়। পরে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬, ১৭ ও ২৭ ধারায় নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।