নেত্রকোনার সীমান্ত এলাকায় অক্টোবর মাসে ১৪২টি অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে একজন মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি।
আজ রোববার নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা।
জব্দ করা মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানি পণ্য নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গত ১০ অক্টোবর দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালানি পণ্য জব্দে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।