নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেলে খেত থেকে ধানের বোঝা নিয়ে সম্রাটসহ আরও কয়েকজন ওই গ্রামের কৃষক আউয়ালের বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় বৃষ্টি শুরু হলে সম্রাট ধানের বোঝা মাথা থেকে নামিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। ওই সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।