নিজ নির্বাচনী আসনে প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
আজ শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিআরের চাল ও ক্রয় করা ঢেউটিনের বিপরীতে গৃহ মঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মঈন খান এই আহ্বান জানান।
সংসদ সদস্য মঈন খান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নীতি প্রণয়নের দায়িত্ব জনপ্রতিনিধিদের, আর সেই নীতির বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। প্রশাসনের কাজ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া নয়; বরং নিরপেক্ষ থেকে জনগণের সেবা নিশ্চিত করা।
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, অতীতে প্রশাসনকে দলীয়করণের কারণে সুশাসন ব্যাহত হয়েছে। দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশের বিপুল সম্পদ বিদেশে চলে গেছে। ওই অর্থ দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতে পারত।
পরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে জিআরের চাল এবং গৃহ মঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন ড. মঈন খান।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।