ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশাকে ট্রাকচাপা দেওয়ায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছের একজন। আজ সোমবার (৪ মে) দুপুরের দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার মনতলা সমিতি ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো ময়মনসিংহ জেলা বারের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) ও তাঁর মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১) এবং সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার তুহুন চন্দ্র দাসের ছেলে তুষার চন্দ্র দাস (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় পৌঁছাতেই চাকা ফেটে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে মা-মেয়েসহ তিন নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন দুজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। তাঁর নাম তুষার চন্দ্র দাস। অপর আহত নারীর নাম তামান্না (৩০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবাইদুল ইসলাম বলেন, আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তামান্না নামের অপর একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশার চালকের বিষয়ে খোঁজ নেওয়া হলে জানা গেছে, অটোরিকশার চালকের নাম সোহেল। তিনি আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।