ময়মনসিংহে আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়িতে ফিরছিল। এ সময় রুবেল মিয়া পেছন থেকে মুখ চেপে ধরে হত্যার ভয় দেখান। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন।
বাড়ি ফিরে পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বিস্তারিত জানায়। এই ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই প্রথম যাবজ্জীবন সাজা দেওয়া হলো।