ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম আহত পাঁচজনের ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে হবে।’ তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহত ও দর্শনার্থীরা জানান, বেশ কয়েকজনকে নিয়ে নাগরদোলা ঘুরছিল। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই পার্কে অবৈধভাবে এসব নাগরদোলা ব্যবসা চলছিল। কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিলেও দৈনিক চাঁদার কারণে সেগুলো অপসারণ করেনি। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পার্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নগরীর জয়নুল উদ্যানে নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।