হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে হঠাৎ ৬৩ শিক্ষকের বেতন বন্ধ, ভোগান্তিতে পরিবার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ জন সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী শিক্ষকেরা। ২০০৮ ও ২০০৯ সালে নিয়োগপ্রাপ্ত এসব সহকারী শিক্ষক ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সুবিধা পান। এরপর ২০১৮ ও ২০১৯ সাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের প্রথম উচ্চতর গ্রেড প্রদান করেন। দীর্ঘদিন ধরে সেই সুবিধা ভোগ করলেও পূর্বঘোষণা বা লিখিত নির্দেশনা ছাড়াই অক্টোবর মাসের বেতন বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, চলতি বছরের ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রের আলোকে মুন্সিগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর মেহেদী হাসান শরীফ জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানান, এসব শিক্ষকের উচ্চতর গ্রেড বাতিল হতে পারে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিসকে বেতন বন্ধ রাখার নির্দেশ দেয়। এই ঘটনায় একাধিক শিক্ষক অভিযোগ করেন, তাঁদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা বা লিখিত নোটিশ দেওয়া হয়নি।

সদরের নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমরা হঠাৎ দেখি বেতন বন্ধ। জানতে শিক্ষা অফিসে গেলে বলা হয় জেলা হিসাবরক্ষণ অফিসের নির্দেশ এসেছে। কিন্তু সেই চিঠি কেউ আমাদের দেখাতে পারেনি।’

একাধিক শিক্ষক অভিযোগ করেন, বেতন বন্ধের বিষয়ে জানতে জেলা হিসাবরক্ষণ অফিসে গেলে সেখানে দায়িত্বে থাকা অডিটর অফিসার মেহেদী হাসান শরীফ তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

শিক্ষকেরা দাবি করেছেন, ওই কর্মকর্তা তাঁদের ‘অকথ্য ভাষায় গালাগাল’ করেন এবং অফিসে প্রবেশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

শিক্ষকেরা এই ঘটনায় গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের দাবি, কোনো ভুল থাকলে তা যাচাই করে সংশোধন করা হোক, কিন্তু একযোগে বেতন বন্ধ রাখা অযৌক্তিক ও মানবিকভাবে অন্যায়।

জেলা হিসাবরক্ষণ অফিসের অডিট অফিসার অভিযুক্ত মেহেদী হাসান শরীফ বলেন, ‘শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগালি করার দাবি মিথ্যা। তাঁরা উল্টো ২০-২৫ জন নিয়ে এসে আমাকে হুমকি দিয়েছেন। তাঁদের বেতন আটকে রাখা হয়েছে উপজেলা শিক্ষা অফিসের চিঠির কারণে।’

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন মিঞা বলেন, ‘জেলা হিসাবরক্ষণ অফিসের লিখিত চিঠির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকদের বেতন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্রেড উন্নীতকরণ সমস্যায় বেতন আটকে গেছে তাঁদের। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ১০-১৫ দিন লাগবে। এরপর ওই শিক্ষকেরা আগের গ্রেডে নিয়মিত বেতন পাবেন।’

মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, স্টেনোটাইপিস্টকে শোকজ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন

সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু