মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার ৬৭৫ টাকা এবং চারটি গরুর পা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) এবং বাসাইল গ্রামের মৃত মোকলেসের ছেলে মকবুল (৪৫)।
জানা গেছে, গত বুধবার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের শুসংকর মণ্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। বেলা সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে লাল রঙের একটি গরু নিয়ে পালিয়ে যান তাঁরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত ব্যক্তিদের গরু নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শুসংকর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা ও চারটি গরুর পাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।