মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দেলোয়ারের ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা গ্রামের বাসিন্দা।
স্বজনেরা জানান, পানির ট্যাংক পরিষ্কারের জন্য দেলোয়ার হোসেন ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, ‘তাঁকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
ইউসুফ আলী সরকার আরও বলেন, প্রাথমিকভাবে স্বজনেরা জানিয়েছেন, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।