মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার (৬ মে) রাত আটটায় দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত ৮টায় কালবৈশাখীর তাণ্ডবে কমলগঞ্জের পতনউষার, মুন্সিবাজার রাজনগর উপজেলার কামারচাক ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত থেকে চারটি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
কামারচাক ইউনিয়নের রুহেল মিয়া বলেন, ‘আমার ঘর গতকাল রাতে কালবৈশাখীতে উড়ে গেছে। শুধু আমার না, আমাদের এলাকার অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু মানুষের ঘর ভেঙে গেছে।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘শুনেছি গতকাল রাতে পতনঊষার ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছি।’