হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে মাটির নিচ থেকে মিলল ‘মাইনের’ বাক্স, এলাকায় আতঙ্ক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে একটি বাড়ির জমি থেকে ‘MPI 1967 MINE A/PERS ND P2 MK2’ লেখা একাধিক বাক্স ও মাইনসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া বড় বাজারসংলগ্ন একটি জমিতে এসব বাক্স দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। তবে এগুলো আসলে মাইন নাকি অন্য কোনো বিস্ফোরক বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, চার-পাঁচ দিন আগে জাদু শাহ নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের জন্য ইট নিয়ে আসেন। রাস্তায় কাদা থাকায় ইট পরিবহনে সুবিধার জন্য ওই জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়। এরপর বৃষ্টির পানি সরে গেলে শনিবার সকালে মাটির নিচ থেকে একাধিক বাক্স ও মাইনসদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

মাইনসদৃশ বস্তু । ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সেন্টু আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অনেক মানুষ ভিড় করেছে। সেখানে বেশ কিছু মটকি ও কয়েকটি বাক্স পড়ে থাকতে দেখেছি। এগুলো মাইনের বাক্স বলে শুনেছি। তবে প্রশাসনের লোকজন পরীক্ষা-নিরীক্ষা করলে প্রকৃত বিষয় জানা যাবে।’

প্রতিবেশী মনিরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে ইটের গাড়ি কাদায় আটকে গেলে এই জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়েছিল। আজ সকালে বাক্সগুলো দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন টকি বলেন, মুক্তিযুদ্ধের সময় এ এলাকায় যুদ্ধের প্রস্তুতি ও কর্মকাণ্ড ছিল। সে সময়ের মাইন, মাইনসদৃশ বস্তু বা বিস্ফোরক জাতীয় কোনো জিনিস মাটির নিচে থেকে যেতে পারে। তবে এগুলো আসলেই মাইন বা বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রকৃত বিষয় জানা যাবে।’

গাংনী সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

গাংনীতে পুলিশের ব্লক রেইড অভিযান, গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

গাংনীতে গাড়ির নিচে চাপা পড়ে শিশুশিক্ষার্থী নিহত

জনবল-সংকটে ধুঁকছে গাংনী প্রাণিসম্পদ হাসপাতাল, ১১ পদের ৭টিই শূন্য

গাংনীতে একটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

মেহেরপুরে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত, চাচা আটক

‘বিএনপির ৩১ দফার কোথায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে’

গাংনীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনীতে এনসিপির সমাবেশের আগে নেতাদের কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার