হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ সদর থানার সামনে আজ সকালে শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকালে মানিকগঞ্জ সদর থানার সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আলিম মেম্বারকে নির্দোষ দাবি করে তার দ্রুত মুক্তির আহ্বান জানান।

বিক্ষোভকারীদের দাবি, আলিম মেম্বার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। একই সঙ্গে তাঁরা প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সজিব হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ আলিম মেম্বারকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করলে তাঁর সমর্থক ও গ্রামের লোকজন থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

এর আগে শনিবার গভীর রাতে সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে সজিবের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সাবেক ইউপি সদস্য আলিমকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘হত্যা মামলার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে কিছু লোক থানার সামনে এসেছিলেন। তাঁরা বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে তাঁদের বিষয়টি বুঝিয়ে বললে শান্তিপূর্ণভাবে চলে যান। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকা বিস্ফোরণ, আহত ৫

সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার মুখে মাদ্রাসা

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই