হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাতা কার্ড দেওয়ার কথা বলে ৭৫ হাজার টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রায় দেড় শতাধিক গ্রাহকের কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতারণা মামলায় আটক ওই নারীকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সাহিদা বেগম উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক এলাকার মৃত শেখ সিরাজ উদ্দিনের মেয়ে।

মামলার এজাহার ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ জন মানুষের কাছ থেকে ভাতা কার্ড তৈরি করে দেওয়ার প্রলোভন দেখান সাহিদা। এ জন্য তিনি জনপ্রতি ৫০০ টাকা করে মোট প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের নজরে এলে তারা অনুসন্ধান শুরু করেন।

পরবর্তীকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাহিদা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং এই প্রতারণার পেছনে একটি সুসংগঠিত চক্র জড়িত রয়েছে বলে দাবি করেন।

ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল বাদী হয়ে সিংগাইর থানায় সাহিদা বেগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল বলেন, ‘সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি সাহিদা বেগম আমাদের কাছে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, সরকারি কোনো ভাতা বা ফ্যামিলি কার্ড সুবিধা পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ কার্ডের বিনিময়ে টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর কিংবা পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।