হোম > সারা দেশ > মাগুরা

সওজ কার্যালয়ের সামনে পানির ট্রাকের ধাক্কায় কাউন্টার মাস্টার নিহত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মাগুরা। ছবি: আজকের পত্রিকা

মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাশারুল পারনান্দুয়ালী মোল্লাপাড়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। দুর্ঘটনার পর পানির ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন বাশারুল। সওজ কার্যালয়ের সামনে পৌঁছে পানি দেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা দেন তিনি। এতে সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা ট্রাকটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র অসন্তোষ দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সওজ কার্যালয়ের সামনের বিপজ্জনক মোড়ে ইট, পাথর, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি অন্ধ মোড়ে দৃশ্যমানতাও ব্যাহত হচ্ছে। এসব নির্মাণসামগ্রী দ্রুত সরানো না হলে সেখানে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, নির্মাণসামগ্রী রাখা হলেও যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতিও নেই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্তসহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ

যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্ত করতে না পারায় চিকিৎসককে অব্যাহতি

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ আটক ২ নারী, জব্দ প্রাইভেট কার-মোটরসাইকেল

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত, আটক তরুণ