লক্ষ্মীপুরে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৩৪ জন জেলেকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাঁদের কাছ থেকে প্রায় দুই মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
তিনি জানান, ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে ৩৪ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের বিরুদ্ধে চারটি আলাদা মামলা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
অভিযান সূত্রে জানা গেছে, জেলেদের কাছ থেকে উদ্ধার করা দুই মণ ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
মৎস্য বিভাগ জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।