হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গ্রেপ্তার আসামিকে দেখতে জনতার ভিড়, হাতকড়া নিয়েই পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা রেনু মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া।

আজ সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেনু মিয়া ওই এলাকার বাসিন্দা ইল্লাত মিয়ার ছেলে এবং ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর মধ্যেই মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক রেনু মিয়াকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ওসি কাজী আরিফ উদ্দিন।