কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় উপজেলার একটি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাড়িতে রান্না করছিলেন। এ সময় আবু বাক্কারের ৬ বছর বয়সী নাতি শিশুটিকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে আবু বাক্কার শিশুটিকে ঘরে নিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে মা ও পরিবারের সদস্যরা সেখানে গেলে আবু বাক্কার দরজা খুলে ঘর থেকে বের হয়ে যান। স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বাক্কারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।