হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো গোপদিঘি দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার (৪) এবং জুয়েল মণ্ডলের ছেলে অমিত মণ্ডল (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে বাড়ির সামনের উঠানে খেলছিল হাফিজা ও অমিত। খেলতে খেলতে হঠাৎ বাড়ির পাশের পানিতে পড়ে যায় হাফিজা। তাকে বাঁচাতে গিয়ে অমিতও পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’