কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের হামলায় নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় শিয়ালটির কামড়ে আহত হয়েছে দুটি গরুও। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার ছকিনা বেগম (৫০), শামসুন্নাহার (৪৫), হারিছা বেগম (৩৪), পারভীন আক্তার (৩০), জোছনা আক্তার (৩৮), জরিনা বেগম (৩৭), সবুজ মিয়া (৫৫), কাশেম আলী (৪৫) ও বোরহান মিয়া (৩৮)। তাঁদের মধ্যে কয়েকজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালটি প্রথমে গ্রামের দুটি গরুকে কামড় দেয়। গরুকে রক্ষা করতে মালিকেরা এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা করে শিয়ালটি। পরে একে একে আরও কয়েকজনকে কামড়ে আহত করে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ঈশা খান বলেন, ‘রাতে শিয়ালের কামড়ে আহত তিনজন হাসপাতালে আসেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।’