কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পড়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। পরে পুলিশের সহায়তায় মেরামতকাজ শুরু হয়। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎ-বিপর্যয় ঘটে। এর পর থেকে আজ রোববার রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খাবার পানি সংগ্রহ, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. সোহেল রানা জানান, সদর উপজেলার যশোদল ইউনিয়নের ধুলিয়ারচর এলাকায় ৩৩ কেভি ভূগর্ভস্থ কেব্লের হিট শ্রিংক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পরদিন আজ সকালে পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র প্রকৌশলী ও লাইন ক্রুরা ভূগর্ভস্থ কেব্ল মেরামত করতে গেলে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় কয়েকজন ব্যক্তি দা, লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসেন বলে জানান মো. সোহেল রানা। ফলে কর্মীরা কাজ ফেলে চলে যান।
এই অবস্থায় পুলিশের সহায়তা চেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু রায়হান ও সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান খন্দকার। তাঁদের যৌথ স্বাক্ষরে আবেদনের পর পুলিশের উপস্থিতিতে লাইনের ত্রুটি সারানোর কাজ শুরু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, পুলিশ যাওয়ার পর বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।