সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
উদ্ধার হওয়া জেলেরা হলেন রফিকুল (৩০), আলামিন (২৬), ইসমাঈল শানা (২৪), রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। তাঁরা খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
এর আগে ভোর ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ৭ মার্চ ছয়জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।
পরবর্তীকালে মো. কবির নামের এক ব্যক্তি তাঁর ভাইকে ১০ দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনে শিবসা নদীসংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ছয়জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।