হোম > সারা দেশ > খাগড়াছড়ি

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতুর ভেঙে যাওয়া কাঠের পাটাতন। সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ ফুট ওপরে অবস্থিত খাগড়াছড়ি আলুটিলা পর্যটনকেন্দ্র। এটি খাগড়াছড়ি শহর থেকে ৮ কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত জেলার প্রাচীনতম প্রধান দর্শনীয় স্থান। এখানে রয়েছে দেশের বৃহত্তম প্রাকৃতিক গুহা, ঝুলন্ত (লাভ) সেতু, নন্দনকানন পার্ক, কুঞ্জছায়া ভিউ পয়েন্ট ও স্বর্ণ তোরণ। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা।

তবে এই পর্যটনকেন্দ্রের ভেতরের সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে কয়েক বছর ধরে। সড়কজুড়ে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ায় সড়ক বোঝাই মুশকিল। পর্যটনবাহী গাড়ি ভেতরে যেতে পারে না। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের। এ ছাড়া পানি পানের জন্য বিভিন্ন স্থানে স্টিলের বেসিন বসানো হলেও সেগুলোতে এখনো পানির সংযোগ দেওয়া হয়নি। ঝুলন্ত সেতুর পাটাতনের অনেক কাঠে পচন ধরেছে। পর্যটকেরা ভয় ও ঝুঁকি নিয়ে সেতুতে ওঠে। এমন পরিস্থিতিতে দিন দিন কমছে পর্যটকের সংখ্যা। পর্যটন ব্যবসায়ীরা আসন্ন ঈদুল ফিতরের আগেই এসব সংস্কারের দাবি তুলেছেন।

আলুটিলা পর্যটনকেন্দ্রের হস্তশিল্প ব্যবসায়ী বিন্দু বড়ুয়া ও লাভলু ত্রিপুরা বলেন, সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাইক ও মানুষের চলাচলে ধুলাবালুতে দোকানের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো দেখে পর্যটকেরা ঘুরে চলে যান।

ফেনী থেকে শিক্ষাসফরে আসা শিক্ষক মৌসুমি দাশ বলেন, ‘পর্যটনকেন্দ্রের সড়কের অবস্থা খুবই খারাপ। জনপ্রতি ৪০ টাকা দিয়ে টিকিট কেটে হেঁটে যেতে হয়। সেতুর কয়েক স্থানে পাটাতনে কাঠ নেই। হাঁটলে বিকট শব্দ হয়। হাঁটতে হাঁটতে পানির পিপাসা পেয়েছিল; পানি পান করতে স্টিলের বেসিনের সামনে গিয়ে দেখি লাইন নেই। এগুলো দ্রুত সংস্কার প্রয়োজন।’

টিকিট কাউন্টারম্যান কোকোনাথ ত্রিপুরা জানান, এক টিকিটে ৪০ টাকা খরচ করতে হয় পর্যটকদের। বছরে এক কোটি পর্যটক আলুটিলায় আসে এবং বছরে সাত কোটি টাকা আয় হয়। এখানে দুজন আনসার সদস্যসহ ১১ জন কাজ করেন।

আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, লাভ সেতু সংস্কার করা প্রয়োজন। দুটি সড়ক ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘এই পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট আনাগোনা হয় প্রচুর। কেন্দ্রের সড়কের বেহাল অবস্থা, সেতুর কাঠে পচন ধরেছে। এ ছাড়া বিভিন্ন সমস্যা রয়েছে। বেসিনে পানির লাইন এখনো দেওয়া হয়নি। এটি দুঃখজনক। এমন অবস্থায় পর্যটনকেন্দ্র সৌন্দর্যও হারাচ্ছে। সামনে ঈদের ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম হবে। এর মধ্যেই দ্রুত সংস্কার করতে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাই।’

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘এগুলো নিয়ে আমরা এক মাস ধরে কাজ করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি। রাস্তা ভালো করার জন্য মন্ত্রণালয় থেকে প্রজেক্ট অনুমোদনের প্রয়োজন। এই অনুমোদনের চেষ্টা চলছে। হয়ে গেলে কাজ শুরু হবে।’

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ির সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানকে বহিষ্কার

খাগড়াছড়ি: তালাবদ্ধ কিডস জোন, বিনোদনবঞ্চিত শিশুরা

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি