হোম > সারা দেশ > জয়পুরহাট

মালিকদের বিরোধে বন্ধ গভীর নলকূপ, সেচসংকটে ২০০ বিঘা জমি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার এই গভীর নলকূপটি বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় তিনজনের মালিকানাধীন একটি গভীর নলকূপ বন্ধ থাকায় সেচসংকটে পড়েছে প্রায় ২০০ বিঘা জমির ধানের ফসল। এতে চাষ ব্যাহত হওয়া এবং ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। মালিকদের বিরোধের জেরে নলকূপটি চালু করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় নলকূপটি দ্রুত সচল করার ব্যবস্থা নিতে গতকাল সোমবার উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন দুই শরিক। তাঁরা হলেন—উপজেলার সাঁতার গ্রামের মো. মুরশিদ আলম ও বোড়াই গ্রামের মো. নুর আলম সরকার।

অভিযোগে বলা হয়েছে, বোড়াই মৌজায় তিনজন যৌথভাবে গভীর নলকূপটি স্থাপন করেন। এটি দিয়ে জমিতে সেচের পানি সরবরাহ করা হতো। মালিকদের বিরোধের কারণে প্রয়োজনীয় বিদ্যুৎ সরঞ্জাম বাড়িতে আটকে রেখেছেন সেলিম উদ্দিন মণ্ডল। ফলে নলকূপটি চালু করা সম্ভব হচ্ছে না।

তাঁদের দাবি, নলকূপটির ওপর প্রায় ২০০ বিঘা জমির চাষাবাদ নির্ভরশীল। সময়মতো জমিতে পানি দিতে না পারায় কৃষকেরা ফসলের ক্ষতি ও বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন। বিকল্প কোনো সেচের ব্যবস্থাও নেই।

স্থানীয় কৃষক আব্দুল মোত্তালেব বলেন, নলকূপ বন্ধ থাকায় জমিতে সময়মতো পানি দেওয়া যাচ্ছে না। এতে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে।

আরেক কৃষক মুনসুর বলেন, চাষাবাদে ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। সময়মতো সেচ দিতে না পারলে সেই খরচের সুফল পাওয়া যাবে না।

এ ছাড়া খয়বর, শফি, খোরশেদ, নূর মোহাম্মদ, আজবাহার ও মান্নানসহ স্থানীয় অন্য কৃষকেরাও দ্রুত নলকূপটি চালুর দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. সেলিম উদ্দিন মণ্ডল। তিনি বলেন, ‘নলকূপের মালিকানা নিয়ে আমাদের মধ্যে কিছু বিরোধ রয়েছে। তবে কৃষকদের ক্ষতি করার উদ্দেশে নলকূপটি বন্ধ রাখিনি। বিদ্যুতের সরঞ্জাম নিজের হেফাজতে রাখার নির্দিষ্ট কারণ রয়েছে।’ বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। মালিকদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে এর কারণে কৃষকদের ফসলের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ায় বিরোধ, সালিসে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা