হোম > সারা দেশ > জামালপুর

সাড়ে ৩ হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে ধরে পুলিশে দিল জনতা

জামালপুর প্রতিনিধি 

জামালপুর সদর উপজেলায় পেট্রলসহ আটক ব্যক্তিদের কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

জামালপুর সদর উপজেলায় বেশি মূল্যে কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে ৩ হাজার ৫২ লিটার পেট্রল জব্দ করেছে পুলিশ। এ সময় ১১ জনকে আটক করা হয়। স্থানীয় লোকজন সাতটি যানবাহনসহ তাঁদের ধরে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে গতকাল মঙ্গলবার রাতে খুচরা ব্যবসায়ী সোহেল রানার কাছ থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। রাতে এসব তেল কেন্দুয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়। আজ বুধবার বিকেলে ১৫টি ড্রামভর্তি তেল জামালপুর সদর থানায় নিয়ে আসা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার মেলান্দহ উপজেলার তেলিপাড়ার হাকিম মিয়া (৪০), ইন্দ্রবাড়ী এলাকার মো. মারুফ হোসেন (২৪) ও ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া এলাকার হামিদুর রহমান (৫২); সরিষাবাড়ী উপজেলার চরজামিরা এলাকার মো. জগলু মিয়া (৪৪), একই এলাকার মো. জহুরুল ইসলাম (৪৫) ও সেঙ্গুয়া এলাকার মো. সবুজ মিয়া (৪০); মাদারগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার মো. শাহ জামাল (৫০) ও চরপাকেরদহ এলাকার আলতাফুর রহমান (৪৮); বগুড়ার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫) এবং জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি এলাকার হাফিজুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কয়েকটি গাড়িতে করে অনেকগুলো তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি সন্দেহ হলে তাঁরা গাড়িগুলো থামিয়ে তল্লাশি করেন। পরে সাতটি গাড়িতে থাকা ১৫ ড্রাম পেট্রল দেখতে পেয়ে উপস্থিত লোকজন গাড়ির চালকসহ ১১ জনকে আটকে রাখেন এবং থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে সাতটি গাড়িতে ১৫ ড্রাম পেট্রলসহ ১১ জনকে আটক করে। এ সময় পিকআপ ভ্যান, ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশাসহ সাতটি গাড়ি জব্দ করা হয়। জব্দ পেট্রল স্থানীয় তেল ব্যবসায়ী সোহেল রানার বলে জানিয়েছেন আটক ব্যক্তিসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বেশি দামে তেল বিক্রি করছেন। স্থানীয় তেল ব্যবসায়ী সোহেল কালোবাজারে বিক্রি করা পেট্রল পাচারকালে তাঁদের আটক করা হয়। তাঁরা এই তেল পাচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন আজকের পত্রিকাকে বলেন, পেট্রলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে হাজির করা হবে। পরে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুরে যমুনার দুর্গম চরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

জামালপুরে স্কুলড্রেসে মসজিদের সামনে টিকটকের ভিডিও, ছাত্রীকে ছাড়পত্র

ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না: নজরুল ইসলাম খান

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

‘আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করল’

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কুকুরের সঙ্গ ছাড়িয়ে পুনর্বাসনে শ্রাবণ, ইউএনওর উদ্যোগে ফিরছে স্বাভাবিক জীবনে

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে