সাপ্তাহিক মজুরি না পেয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চারটি চা বাগানের শ্রমিকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
আজ বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে এ বিক্ষোভ ও আলোচনা সভা হয়। লাল সাঁওতালের সভাপতিত্বে আয়োজিত সভায় লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকেরা অংশ নেন।
দাবি আদায়ে তারা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তব্য দেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় এবং দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মজুরি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছেন। বর্তমান মালিকপক্ষের প্রতি অনাস্থা প্রকাশ করে তাঁরা জানান, তাঁদের এক দফা দাবি—বর্তমান মালিকপক্ষকে তাঁরা আর চান না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
শ্রমিক নেতারা আরও জানান, আগামী রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।