হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা। আজ শনিবার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি করা হয়। পরে ট্রাকে বহন করা বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধিমোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’