হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসীরা। আজ শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ২০০৪ সালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ওয়ান কম্পোজিট মিলস্ লিমিটেড নামের একটি শিল্পকারখানা উদ্বোধন করতে আসেন। সে সময় এই রাস্তার অবস্থা খুবই বেহাল ছিল। তা দেখে সঙ্গে সঙ্গে এই রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তাঁর সঙ্গে সরকারের তিনজন মন্ত্রী ছিলেন। এরপরই এই রাস্তা নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় তারেক জিয়া সড়ক। আশপাশের এলাকা তখন থেকেই তারেক জিয়া মোড় নামে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটির নাম পরিবর্তন করে তালতলী মনিপুর সড়ক রাখা হয়েছে। এ জন্য প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে রাস্তার ইতিহাস মুছে দিয়ে নতুন নামকরণ হয়েছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। সংশ্লিষ্টদের কাছে আবেদন—দ্রুত সময়ের মধ্যে যেন সড়কটি আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে হয়। এই সড়কের নাম হবে তারেক জিয়া সড়ক। আশপাশের শত শত দোকানপাটের ব্যানারে-সাইনবোর্ডে লেখা রয়েছে তারেক জিয়া মোড়।’

মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রমজান আলী বলেন, ‘এই সড়কের ইতিহাস কাগজে লিপিবদ্ধ। ২০১৫ সালের ২১ জানুয়ারি একটি গাড়ি পোড়ানো মামলা হয়েছে। সেই মামলায় আমি আসামি। সেই মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে তারেক জিয়া মোড়। তাঁরা মামলায় তারেক জিয়া মোড় স্বীকার করেও রাস্তার নাম পরিবর্তন করলেন। আমাদের একটাই দাবি—সড়কটি যেন আগের নামে ফিরে আসে।’

গাজীপুর সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাহাদ বলেন, ‘সড়কটির নাম কবে পরিবর্তন হয়েছে, আমি সঠিক বলতে পারব না। তবে এখন সড়কটি তালতলী মনিপুর রাস্তা নামে লিপিবদ্ধ রয়েছে। রাস্তাটির নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে।’

শ্রীপুরে টানা ৪০ ঘণ্টা বিদ্যুৎবিহীন দুই গ্রাম, জনজীবন বিপর্যস্ত

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামিনের ৬ দিন পর কারামুক্ত হলেন ঢাকসুর সাবেক নেত্রী ইমি

শ্রীপুরে কালবৈশাখীতে লন্ডভন্ড তিন গ্রাম

গাজীপুর জেলা পরিষদ: সরকারি দপ্তরে বসে ভুতুড়ে কর্মী

কালিয়াকৈরে রেলের জমিতে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অটোরিকশায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

স্কুলের পাশে মাদকের রমরমা কারবার, বিক্ষুব্ধ জনতার হামলা

গাজীপুর: ডিজি নিয়োগ ঘিরে উত্তপ্ত ব্রি, মুখোমুখি দুপক্ষ

স্ত্রীকে হত্যা, লাশ বস্তায় ভরে ভাগাড়ে ফেলার অপেক্ষা করছিলেন স্বামী