হোম > সারা দেশ > গাইবান্ধা

মামলা করে আদালতের রায় মানছেন না বাদী, বিধবার জমি দখলে নিতে স্থাপনা নির্মাণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

নিষেধাজ্ঞা থাকা জমিতে মামলার বাদী স্থাপনা নির্মাণ করছে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মামলার বাদী মো. ইউনুস আলী (৪৫) ও তাঁর বড় ভাই মো. নুরুল ইসলামের (৬৮) বিরুদ্ধে। এতে শামসুন্নাহার বেগম (৪৭) নামের এক বিধবা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘটনাটি উপজেলার রামজীবন ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায়। ভুক্তভোগী মোছা. শামসুন্নাহার বেগম ওই এলাকার মৃত শফিউল আলমের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ইউনুস আলী নিজপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ইউনুস আলী ও তাঁর সহযোগীরা শামসুন্নাহার বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারাধীন এবং সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি আছে।

অভিযোগ রয়েছে, আদালতের এ নির্দেশ অমান্য করে ১১ এপ্রিল সকাল ১০টার দিকে ইউনুস আলী ও নুরুল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিলে শামসুন্নাহার বেগম ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সরেজমিন দেখা যায়, জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি সেখানে চুলা বসিয়ে আগুন জ্বালানো হচ্ছে, যা পাশের একটি কাঁঠালগাছের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম বলেন, ‘১৯৯১ সালে জমিটি ক্রয় করে তখন থেকেই ভোগদখলে আছি। হঠাৎ তারা মালিকানা দাবি করে মামলা করে। বর্তমানে ১৪৪ ধারা জারি থাকায় আমরা জমিতে যাইনি। কিন্তু তারাই আইন অমান্য করে দখলের চেষ্টা করছে। আমি একজন অসহায় বিধবা, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসনের নিচে রাখা ছিল ১ হাজার ২৭০টি ইয়াবা, চালক আটক

গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস

গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা