হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিজুলের মৃত্যু হয়।

নিহত আজিজুল মিয়া ও অভিযুক্ত বড় ভাই জসিজল হক ওরফে ডিপটি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বড় ভাই জসিজল তাঁদের বাড়ির সীমানা ঘেঁষে পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। বেলা ১টার দিকে ছোট ভাই আজিজুল সীমানা নিয়ে আপত্তি জানান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গোয়ালঘর নির্মাণের কাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় জসিজল আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এতে আজিজুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়েন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মরদেহ রংপুরে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযোগের এজাহার পেলে মামলা নথিভুক্ত করা হবে।

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২