গাইবান্ধা পৌর শহরের এক বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাথী বেগম পৌর শহরের সবুজপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে ও প্লাবন মিয়ার স্ত্রী।
ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া এলাকায় প্লাবন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়িতে থাকা লোকজন পালিয়ে যান। এ সময় তোষকের নিচে ও প্লাস্টিকের মগ থেকে ৩২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার আজ শনিবার সন্ধ্যার দিকে বলেন, সাথী বেগম ও পলাতক প্লাবন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।