রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩৯টি।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৬২, মতিঝিলে ৬৯, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১২২, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য, আলামত উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।