হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রথমবারের মতো দেশটি বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে। আজ বুধবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান। 

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। বিগত বছরে প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।’ 

ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান আরও বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। প্রথম দফায় ৬০ জন দক্ষ কর্মী নেবে সৌদি আরব।’ 

এর আগে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন কর্মী গেছেন সৌদি আরবে, যা মোট অভিবাসনের ৩৮ দশমিক ১২ শতাংশ। 

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজ আমাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাব এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’ 

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষ কর্মী পাঠাতে। আমাদের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রয়েছে। এ ছাড়া বেসরকারি আরও ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাতে চাই না। আমরা ইতিমধ্যে এর জন্য কাজ শুরু করেছি।’

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি