ঢাকার সাভারে আবারও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে রোববার দিবাগত রাতে ও সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ও সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাস দুটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। বাসটি পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
অন্যদিকে সোমবার ভোর চারটার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাস দুটিতে কেউ আগুন দিয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আমার ধারণা, মহল বিশেষের ইন্ধনে বাসে আগুন ধরানো হচ্ছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
ওসি আরও বলেন, বাসমালিক ও শ্রমিকেরা যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখেন। এতে দুর্বৃত্তরা সহজেই এসব বাসে আগুন দেওয়ার সুযোগ পায়। বাসমালিক ও শ্রমিকেরা যাতে যত্রতত্র বাস দাঁড় করিয়ে না রাখেন, সে বিষয়ে তাঁদের সচেতন করা হবে।
তিনি বলেন, বাসগুলো নিরাপদ স্থানে রাখা এবং রাতে পাহারার ব্যবস্থা করা হলে দুর্বৃত্তরা আগুন দেওয়ার সুযোগ পাবে না।